গাজীপুরে বাসে আগুন
গাজীপুরের বোর্ডবাজারের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে বুধবার রাত ৯টার দিকে আগুন দেয়া হয়েছে।
সারাদেশে জামায়াতে ইসলামীর হরতালের আগের রাতে এই আগুন দেয়ার ঘটনা নাশকতা বলে দাবি করা হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় পোশাক শ্রমিকরা বাসের আগুন নিভিয়ে ফেলে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, বন্যা পরিবহনের বাসটি গত দুদিন ধরে রাস্তার পাশে দাঁড় করানো ছিল।
“কে বা কারা বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে শ্রমিকরা এসে আগুন নেভায়।”
খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনী ঘটনাস্থলে গেলেও তার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
টঙ্গীর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি একটি নাশকতামূলক ঘটনা। গাড়িতে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরানো হয়েছিল।
