২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীর ওপর এসিড হামলা

শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের এক ওষুধ ব্যবসায়ী দুবৃর্ত্তের এসিড হামলার শিকার হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 06:01 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বুধবার রাত ৮ টার দিকে শ্রীপুর-নাকোল সড়কের ঘাসিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এসিড দগ্ধ মনিরুজ্জামান আকরামকে (৩৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাকোল গ্রামের গৃহবধূ নারগিস বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে ০১৬৮৮১৮২৬৩৭ নম্বর থেকে তার উপর এসিড নিক্ষেপ ও স্বামী পারভেজ আলমকে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় তিনি আইনি সহায়তার জন্য প্রতিবেশি মনিরুজ্জামান আকরামকে সাথে নিয়ে বিকেলে শ্রীপুর থানায় গিয়ে একটি জিডি করেন (জিডি নং-১০৬৬)। জিডি করে তিনি সন্ধ্যার পর মনিরুজ্জামানের সাথে টেম্পু যোগে নাকোল গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন।

পথে ঘাসিয়াড়া এলাকায় পৌঁছালে মটরসাইকেল আরোহী অপরিচিত দুই যুবক তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এ সময় তার শরীরে সামান্য এসিড লাগলেও টেম্পুতে তার পাশে বসা প্রতিবেশি আকরাম এসিডে মারাত্মকভাবে দগ্ধ হন। এসিডে আকরামের মুখ, হাত-পা, বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

পরে আকরামকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নার্গিস বেগম জানান, তার সাথে কারো কোন বিরোধ নেই। তবে কী কারণে এ এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে তা তিনি তাৎক্ষণিকভাবে অনুধাবন করতে পারছেন না।

সদর হাসপাতালে কর্তব্যরত জরুরী বিভাগের মেডিকেল অফিসার সুব্রত কুমার জানান, আকরামের শীরের বিভিন্ন স্থান আক্রান্ত হয়েছে। তবে এটি এসিডের জন্য কিনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।