২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি চাকরিতে ঢোকার বয়স এখনি বাড়ছে না

অবসরের বয়সসীমা বাড়ানোর পর সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা বাড়াতে দাবি জানানো হলেও আপাতত তা বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই বলে সংসদে জানানো হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 04:08 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

সংসদে জনপ্রশাসনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে বুধবার এক প্রশ্নের উত্তরে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে সব দিক বিবেচনা করে সরকার এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ একথা বলেন।

সাধারণ প্রার্থীরা ৩০ বছর বয়স পর্যন্ত সরকারি চাকরিতে ঢোকার আবেদন করতে পারেন।

সরকারি চাকরি থেকে অবসরের বয়স ৫৭ বছর থেকে বাড়িয়ে ৫৯ বছর করার পর থেকেই চাকরি প্রত্যাশীরা চাকরিতে ঢোকার বয়স বাড়ানোর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

আশরাফ বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছর করা হলে মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, প্রতিবন্ধী ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারসহ কয়েকটি বিশেষ ক্যাডারের উপজাতীয় প্রার্থীদের কাছ থেকেও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর থেকে বাড়িয়ে আরো দুই বছর বাড়ানোর দাবি আসতে পারে।

এইসব ক্যাডারে চাকরিতে ঢোকার বয়স এখনি ৩২ বছর।

ফজিলাতুন নেসা বাপ্পীর আরেক প্রশ্নের জবাবে আশরাফ জানান, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের ২ লাখ ৫১ হাজার ৯৭৫টি পদ সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার জনপ্রশানকে দক্ষ, জনমুখী, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে বদ্ধপরিকর।

বর্তমান সরকারের সময়ে ৬১ জনকে সচিব, ২৯৩ জনকে অরিরিক্ত সচিব, ৬৯০ জনকে যুগ্ম-সচিব এবং ৮৬৬ জনকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে বলে জানান আশরাফ।

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে আশরাফ জানান, বর্তমানে ৭৯ জন সচিবের পদ থাকলেও ৫৪ জন সচিব কর্মরত আছেন।

মন্ত্রী বলেন, অতিরিক্ত সচিবের ১১৭টি ডিউটি পদের বিপরীতে ২৬৫ জন কর্মরত আছেন। আর যুগ্ম-সচিবের ৫০৫টি অনুমোদিত পদের বিপরীতে ৬২০ জন এবং উপসচিবের এক হাজার তিনশ পদের বিপরীতে এক হাজার ৫৫০ জন কর্মরত আছেন।

সিনিয়র সরকারী সচিব ও সহকারী সচিবের ৩৭০টি অনুমোদিত পদের বিপরীতে ৪৭৯ জন কর্মরত আছেন বলেও সংসদে জানান আশরাফুল।

বিচারক নিযোগে আইন প্রণয়নের পরিকল্পনা

সংসদ সদস্য সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, উচ্চ আদালতে স্বচ্ছতার সঙ্গে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় আইন প্রণয়ন করার পরিকল্পনা সরকারের বিবেচনাধীন আছে।

সংসদ সদস্য অপু উকিলের আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।