‘ভুয়া পরোয়ানা বন্ধে নীতিমালা কেন নয়’
ভুয়া পরোয়ানা বন্ধে নীতিমালা প্রণয়নে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এই রুল জারি করে।
একইসঙ্গে আইন লঙ্ঘনকারী এবং সংবিধান নির্ধারিত দায়িত্ব পালনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছে উচ্চ আদালত।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক, ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনার, গুলশান জোনের সহকারি কমিশনার এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৬ ডিসেম্বর দৈনিক সমকালে প্রকাশিত ‘ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা বাণিজ্য!’ শিরোনামের একটি প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি দায়ের করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, পৃথক তিনটি নারী নির্যাতন এবং প্রতারণার মামলায় চট্টগ্রাম মহানগর আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল রাজধানীর গুলশানের বাসিন্দা সৈয়দ আরিফ নিয়াজী ওরফে ফ্রান্সিস আরিফের (৫৫) বিরুদ্ধে। পরোয়ানা জারির পর তাকে গ্রেপ্তার করে গুলশান থানায় হস্তান্তর করে র্যাব-১ এর একটি দল। পরে গুলশান থানা পুলিশ তাকে আদালতে হাজির করে।
গ্রেপ্তার হওয়ার পর আরিফ নিয়াজী জানতে পারেন, পৃথক যে তিন মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তিনি গ্রেপ্তার হয়েছেন, তা মিথ্যা। এই মামলা এবং বাদীর কোনো অস্তিত্ব নেই। আদালতের কাগজপত্র ও সিল জাল করে মিথ্যা মামলায় ভুয়া ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
প্রতিবেদনে আরো বলা হয়, শুধু আরিফ নিয়াজী নন; সম্প্রতি ভুয়া ওয়ারেন্টে গ্রেপ্তারের অনেক অভিযোগ পাওয়া গেছে। গত ফেব্রুয়ারিতে রংপুরের কয়েকজন কৃষককেও এ রকম ভুয়া ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ গত সোমবার রিট আবেদনটি দায়ের করেন।
আদালতে রিটকারীর পক্ষে মনজিল মোরসেদ এবং সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান শুননি করেন।
আদেশের পর মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত সৈয়দ আরিফ নিয়াজীকে গ্রেপ্তারে বিষয়ে একটি প্রতিবেদন দিতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে এরই মধ্যে প্রতিবেদনটি দিতে বলা হয়।
