২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিন্নমূল শিশুদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

ছিন্নমূল শিশুদের উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 10:14 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

শ্যামলীতে বুধবার দুপুরে এসওএস শিশুপল্লী বাংলাদেশ’-এর চার দশক পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “অবহেলিত শিশুদের উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের বর্তমান ভবিষ্যত প্রজন্মের জন্য উৎসর্গ করছি। যারা ভবিষ্যতে আমাদের নেতৃত্ব দেবে।”

স্নেহবঞ্চিত, ভাগ্যহত শিশুদের পারিবারিক পরিবেশে লালন পালনে এসওএস আন্তর্জাতিক শিশুপল্লীর কার্যক্রমের প্রশংসা করে এই কার্যক্রম দেশের সর্বত্র ছড়িয়ে দেয়ারও আহ্বান  জানান তিনি।

বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য হারম্যান মেইনারের মতো যে সব বিদেশি নাগরিক এগিয়ে এসেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা।

এসওএস শিশুপল্লীর প্রতিষ্ঠাতা প্রয়াত অধ্যাপক ড. হারম্যান মেইনার বাংলাদেশসহ বিশ্বের ১৩৩টি দেশে এসওএস আন্তর্জাতিক শিশুপল্লীর কার্যক্রম বিস্তৃত করেন।

শিশুদের ভবিষ্যত নেতৃত্ব হিসাবে আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, “আমরা শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করছি।”

আমাদের সরকার শিশু অধিকার ও উন্নয়নকে জাতীয় উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করেছে,” বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা জানান, দরিদ্র শিশুদের পুনর্বাসন ও বিকাশ নিশ্চিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারিত করা হয়েছে।

সরকারি এ উদ্যোগকে সুসংহত করতে বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শিশুরা যাতে পারিবারিক পরিবেশে বেড়ে উঠতে পারে সে জন্য দরিদ্র পরিবারকে সামাজিক নিরাপত্তা বলয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

শিশুদের শিক্ষা নিশ্চিত করায় সরকারের পদক্ষেপগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমরা প্রায় শতভাগ শিশুকে বিদ্যালয়ে পাঠানো নিশ্চিত করেছি। বছরের প্রথম দিনেই প্রতিটি শিশুর কাছে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দিচ্ছি।”

শিশু মৃত্যুহার হ্রাসে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, শিশু মৃত্যুহার হ্রাসে সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জন করায় বাংলাদেশকে ইউএন মিলেনিয়াম অ্যাওয়ার্ড ২০১০ প্রদান করা হয়েছে।

শিশুদের সৃজনশীল মনের বিকাশে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “শিশু একাডেমী শিল্পকলার উপর শিশুদেরকে প্রশিক্ষণ দিচ্ছে।”

শেখ হাসিনা বলেন, শিশু-বান্ধব কেন্দ্র ও শিশু শিক্ষা কেন্দ্রের বিকাশের মাধ্যমে শিশুরা উপকৃত হচ্ছে। সরকারও প্রতিবন্ধী শিশুদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।

প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের কল্যাণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত সেন্টার স্থাপন করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার কন্যা সায়মা হোসেন পুতুলের উদ্যোগে বিশ্বব্যাপী ‘অটিজম সচেতনতা’ সৃষ্টির লক্ষ্যে একটি প্রস্তাব গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপন করি। সেটি গত মাসে সাধারণ পরিষদে গৃহীত হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সমাজ কল্যাণ প্রতি মন্ত্রী প্রমোদ মানকিন, এসওএস শিশু পল্লীর আন্তর্জাতিক সভাপতি হেলমুট কুটিন এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রনজিৎ কুমার বিশ্বাস।

এরআগে, প্রধানমন্ত্রী এসওএস শিশু পল্লীর শিশুদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ ছাড়া এসওএস শিশু পল্লীর ৪০ বছর পূর্তি উপলক্ষে শেখ হাসিনা একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন।