রাজশাহী বিভাগে বৃহস্পতিবার হরতাল জামায়াতের
কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি না দেয়ায় রাজশাহী বিভাগের আট জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
বুধবার সংগঠনটির রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের কথা জানানো হয়।
রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদের সদস্য আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও তাদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বুধবার সারাদেশে উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু প্রশাসন অনুমতি না দিয়ে বিভিন্ন স্থানে সভা-সমাবেশস্থলে নিষেধাজ্ঞা জারি করেছে।
এ পরিপ্রেক্ষিতে রাজশাহী বিভাগের আট জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা জেলায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে বলে জানান জামায়াত নেতা আতাউর রহমান।
এদিকে রাজশাহী মহানগরীতে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের অধ্যাদেশের ২৮, ২৯ ও ৩০ ধারায় নগরীতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে মহানগর পুলিশের কমিশনার এস এম মনিরুজ্জামান।
তিনি জানান, বিষয়টি মাইকিং করে নগরীতে জানিয়ে দেয়া হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রাজশাহীতে ছাত্রশিবিরের ডাকা আধাবেলা হরতাল ঢিলেঢালাভাবে পলিত হচ্ছে। সকাল থেকে হরতালের সমর্থনে কোন পিকেটার দেখা যায়নি।
তবে রাজশাহী টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যায়নি। হরতালকে কেন্দ্র করে নগরীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করার হয়েছে।
ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাজশাহী জেলা শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান আশু, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আতিকুর রহমানের মুক্তির দাবিতে এই হরতালের ডাক দেয় জামায়াতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির।
এ দুটি দাবির সঙ্গে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবিও রয়েছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক নেতাদের মুক্তির দাবিতে সোমবার ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় হামলা ও ভাংচুর চালায় জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
এসব ঘটনায় সারাদেশে পুলিশের দায়ের করা মামলায় জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে শতাধিক নেতাকর্মী।
