২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ-নাটোরে হরতালে ভাংচুর

কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রাজশাহী বিভাগের তিনজেলায় ইসলামী ছাত্র শিবিরের আধাবেলা হরতাল পালিত হয়েছে ঢিলেঢালাভাবে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নাটোর, রাজশাহী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 06:27 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতালে নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের বিচ্ছিন্ন ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটলেও রাজশাহীতে বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ শিবিরের কেন্দ্রীয় সমাজসবো সম্পাদক ও রাজশাহী জেলা শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান আশু, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আতিকুর রহমানের মুক্তির দাবিতে মঙ্গলবার রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে এই হরতাল ডাকে শিবির।

চাঁপাইনবাবগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হকের বরাত দিয়ে আমাদের জেলা প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক ও চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদস্থল বন্দর মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হরতালকারীরা। শহরের শিবতলায় শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সকাল সোয়া ১১টার দিকে শহরের স্বরূপনগর এলাকায় একটি ট্রাক ভাংচুর করে শিবির কর্মীরা।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতা সৃষ্টির আশংকায় ৭ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি জানান, হরতালের সমর্থনে ছাত্রশিবির কর্মীরা সকাল ৭টার দিকে সদর উপজেলার দত্তপাড়া, বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকের মোড় ও বনপাড়ায় ঝটিকা মিছিল করে। এ সময় তারা নাটোর-ঢাকা ও নাটোর-পাবনা সড়কে কিছু যানবাহনে ঢিল ছোড়ে।

১০টার দিকে নাটোর-পাবনা সড়কের ধানাইদহ ও কদমচিলানে দশটি ট্রাক ও ভটভটি (ইঞ্জিনচালিত যান) ভাংচুর করে বলে জানান নাটোর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন।

এছাড়া শিবিরকর্মীরা এ সড়কের পাঁচটি স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখার চেষ্টা চালায়। পরে পুলিশ গিয়ে তাদের সেড়ক থেকে সরিয়ে দেয়।

হরতালে পুলিশ সতর্ক ছিল জানিয়ে জেলা পুলিশ সুপার কায়মুজ্জামান খান বলেন, সকাল থেকে বড় কোনো গোলোযোগের খবর তারা পাননি।

নাটোরের রাস্তায় সকালে ভারি কোনো যানবাহন চলতে দেখা যায়নি। দুরপাল্লার বাসও বন্ধ ছিল। তবে শহরে রিকশা ও অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, হরতালের সময় সেখন থেকেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। শহরে হরতালের সমর্থনে পিকেটিংয়েরও খবার পাওয়া যায়নি।

সকাল থেকে বড় কোনো গোলাযোগ ঘটেনি বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

রাজশাহী পুলিশ কমিশনার মনিরুজ্জামান জানিয়েছেন, হরতালে নাশকতা এড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিশৃঙ্খলা এড়াতে বুধবার রাজশাহী মহানগরীতে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মহানগর পুলিশ।