২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্ট কারখানায় আগুন: দুই মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে পোশাক কারখানা স্মার্ট এক্সপোর্ট লিমিটেডে আগুন লেগে সাত শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির দুই মালিককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 06:01 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্মার্টের চেয়ারম্যান মো. শরিফ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকির আহমেদকে মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গেপ্তার করা হয়।   

গত ২৬ জানুয়ারি দুপুরে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় স্মার্ট এক্সপোর্ট কারখানার দ্বিতল ভবনে আগুন লাগার পর হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক পদদলিত হন। ধোঁয়ায় দম বন্ধ হয়েও অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। 

এদের মধ্যে দুই শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আরো পাঁচজন মারা যান শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে।

ওই ঘটনায় নিহত শ্রমিক রাজিয়ার বাবা আলতাফ হোসেন গত শনিবার রাতে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। কারখানার তিন পরিচালক শরীফ, জাকির ও শ্রীসুভাষকে এ মামলায় আসামি করা হয়।

মোহাম্মদপুরের ওসি আজিজুল হক জানান, আসামিদের অবহেলা ও গাফিলতির কারণে ওই অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করেছেন বাদী। 

স্মার্ট এক্সপোর্টের তিন পরিচালক এবং গত ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১১ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ওই কারখানার মালিক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারের নির্দেশ চেয়ে মঙ্গলবার হাই কোর্টে একটি আবেদন করেন এক আইনজীবী। বুধবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

পুরনো খবর:

আগুনে ৭ পোশাককর্মী নিহত