২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিল্টন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

রাজধানীর শেরে বাংলানগরের ‘ডিশ ব্যবসায়ী’ আব্দুল বাকি মিল্টন হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 10:17 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

এরা হলেন- আবুল কাশেম (৩৫), সাইফুল হক মামুন (৪০), বদরুল আলম সজল (৩৮), গিয়াস উদ্দিন ওরফে কিসিঞ্জার মন্টু (৫০) ও মো. জুবায়ের আহমেদ খান রনি (৩০)।

মঙ্গলবার দুপুরে ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে বিচারক মো. মোতাহার হোসেন এ রায় ঘোষণা করেন। রায় শুনে কান্নায় ভেঙে পড়েন দণ্ডিতরা।

রায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে আসামিদের।

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ২০১১ সালে ঈদুল আজহার পরের দিন ৮ নভেম্বর রাতে শেরে বাংলানগরের লাল মাঠ এলাকায় নিজের কার্যালয়ে খুন হন কেবল টেলিভিশন সংযোগদাতা মিল্টন।

পরদিন ১০ নভেম্বর ওই পাঁচজনকে আসামি করে শেরে বাংলানগর থানায়  মামলা করেন নিহতের স্ত্রী লাবনী জেসমিন।

মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে ২০ জনের সাক্ষ্য নেয়া হয়।

দণ্ডিতদের মধ্যে কাশেম  মোল্লাপাড়া, মন্টু  লালমাটিয়া এবং বাকিরা শেওড়াপাড়ার বাসিন্দা ছিলেন।

হত্যার কথা স্বীকার করে  তারা ১৬৪ ধারায় হাকিমের কাছে জবানবন্দি দেন।

কাশেম জবানবন্দিতে বলেন, তার সামনেই মিল্টনকে গুলি করে হত্যা করে বদরুল আলম সজল।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, অনেক আগে থেকেই মিল্টনের সঙ্গে দণ্ডিতদের শত্রুতা ছিল। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রত্যেকে এক অন্যের ঘাড়ে খুনের দায় চাপিয়ে বক্তব্য দিলেও আসামিদের সবার সংশ্লিষ্টতা ছিল বলে সাক্ষ্যপ্রমাণে উঠে এসেছে।