ব্যাজ পরানো হলো নতুন নৌবাহিনী প্রধানকে
নৌ বাহিনী প্রধান মুহাম্মদ ফরিদ হাবিবকে আনুষ্ঠানিকভাবে ভাইস অ্যাডমিরালের ব্যাজ পরিয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তার কার্যালয়ে এক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী নৌ বাহিনীর নতুন প্রধানকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
গত সোমবার নৌবাহিনী প্রধানের নতুন দায়িত্বে যোগ দেন ভাইস অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব। ওইদিনই নৌ সদর দপ্তরে সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
১৯৭৬ সালের ৮ জুলাই বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন ফরিদ হাবিব।
তার বাবা মরহুম মোহাম্মদ আলী বাংলাদেশ সরকারের উপ-সচিব ছিলেন।
