দু’বোন ধর্ষণ মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দু’বোনকে ধর্ষণের মামলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি এই ধর্ষণ মামলার ২নম্বর সাক্ষী বলে পুলিশ জানিয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেন সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্ষণে জড়িতদের গ্রেপ্তারে সহযোগিতা না করা এবং ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিষয়টি সামাজিকভাবে মীমাংসার নামে সময়ক্ষেপণ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৭ জানুয়ারি উপজেলার উজিরপুর ইউনিয়নের শিবেরবাজার এলাকায় ধর্ষণের শিকার হন বালুতুপা গ্রামের গার্মেন্টসকর্মী দুইবোন।
এ ঘটনায় গত শুক্রবার (২৫ জানুয়ারি) ওই দুই বোন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরমধ্যে পাঁচজন গ্রেপ্তার রয়েছেন।
ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার জন্য শিবেরবাজারে ২১ জানুয়ারি সকালে শালিস বসে। সেখানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম।
কিন্তু ওইদিন মীমাংসা না হওয়ায় গত বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) আবার শালিসের দিন রাখা হয়। কিন্তু এর আগেরদিন রাতে পাঁচ জনকে আটক করে পুলিশ।
এ গণধর্ষণের ঘটনায় একটি রিট আবেদনের প্রেক্ষিতে চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেন সশরীরে হাইকোর্টে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন।
