২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের আসামীদের গ্রেপ্তারে ৭২ ঘন্টা সময়

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘ভাইকে বেঁধে রেখে দুই বোনকে ধর্ষণের’ ঘটনায় দায়ের মামলার অপর পাঁচ আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 12:59 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এই আদেশ দেয়। ন্যায়বিচার নিশ্চিতে করা একটি আবেদনে দেয়া আদেশে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদালতে হাজির হওয়ার পর উচ্চ আদালত এ আদেশ দিল।

আদালতে হাজির হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, ওই ঘটনায় ইতিমধ্যে দশ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনকে ইতোমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে।

বাদিপক্ষে আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার শুনানিতে বক্তব্য রাখেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেয়।

Image
High Court rejects Destiny petition

High Court rejects Destiny petition

 

এই আদেশে ঘটনায় জড়িত বাকী আসামিদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে নারী নির্যাতনের ওই ঘটনায় আইনানুগ ব্যবস্থা না নিয়ে সালিশের উদ্যোগ নেয়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ২১৭, ২২২ এবং ২২৫(ক) ধারায় মামলা করার নির্দেশ দেয়া হয়। মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার করতেও বলেছে আদালত।

হাই কোর্টের এ আদেশের পর মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (সোমবার) ওই চেয়ারম্যান মহিদুল ইসলামেরও আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তিনি হাজির হননি। এ কারণে কোর্ট তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুলও জারি করেছে। একইসঙ্গে তাকে আগামী ৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে।”

সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর পক্ষ থেকে গত ২৩ জানুয়ারি হাই কোর্টে আবেদনটি দাখিল করা হয়। ‘এবার ভাইকে বেঁধে রেখে দুই বোনকে গণধর্ষণ’ শিরোনামের ওই প্রতিবেদনটি গত ২২ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে কুমিল্লা সদর উপজেলার বালুতুপা দৌলতপুর গ্রামের দুই বোনকে সদর দক্ষিণ উপজেলার পরানপুর গ্রামের পোশাক কর্মী মাহবুব আলম ও চৌদ্দগ্রামের পূর্ব বেলঘর গ্রামের রাসেল গত ১৭ জানুয়ারি রাতে তার বাড়িতে যাওয়ার কথা বলে নিয়ে যায়। পথে শিবেরবাজার কবরস্থান সংলগ্ন জঙ্গলের ভেতর তাদেরকে ১০-১২ জন যুবক ধর্ষণ করে। এ সময় দুই বোনের সঙ্গী ১০ বছর বয়সী ছোট ভাইকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

২৩ জানুয়ারি দেয়া আদেশে আদালত আমলযোগ্য ওই অপরাধে জড়িতদের বিরুদ্ধে ফৌজাদারি কার্যবিধি অনুসারে ব্যবস্থা গ্রহণে বিবাদীদেরকে কেন নির্দেশ দেয়া হবে না, মর্মে রুল জারি করে।

দুই সপ্তাহের মধ্যে কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশের মহাপরিদর্শক, চট্টগ্রাম বিভাগের উপমহাপরিদর্শক, কুমিল্লার এসপি এবং চৌদ্দগ্রামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলে হয়। পাশাপাশি চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তলব করা হয়।