২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মহাসড়ক অবরোধ ও ভাংচুর

বাস চাপায় সহকর্মীর মৃত্যু হয়েছে মনে করে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা সোমবার গাজীপুর সদরে দেড়ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর প্রতনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 12:23 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

এ সময় তারা কয়েকটি যানবাহন ভাংচুর করেছে বলেও পুলিশ জানিয়েছে।

নাওজোড় এলাকায় বেলা পৌনে ১টার দিকে বাস চাপায় নিহত যুবকের (৩০) পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর পৌনে ১টার দিকে নবীনগরগামী একটি যাত্রীবাহী বাস একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। পরে বাসটি একটি গাছে ধাক্কা দিয়ে উল্টে যায়।

এতে বাসের নিচে চাপা পড়ে যুবকটির মৃত্যু হয়। এছাড়া রিকশাভ্যানের অন্তত তিন যাত্রী আহত হন।

এ সময় ‘দিগন্ত সোয়েটার কারখানার’ শ্রমিকরা ওই যুবককে তাদের সহকর্মী ভেবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে দুপুর পৌনে ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে।

শ্রমিকরা সড়কে গতিরোধক স্থপনসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ এবং বেশ কয়েকটি যানবাহন ভাংচুরও করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।  

পুলিশ কর্মকর্তা আরো বলেন, পরে কারখানা গেটে পুলিশের উপস্থিতিতে মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনায় দাবি পূরণের আশ্বাস পেয় বেলা সোয়া ৩টার দিকে শ্রমিকরা ফিরে যান।

কারখানার জিএম আব্দুল মোতালেব বলেন, শ্রমিকদের ২/৩টি দাবি ছিল। সেগুলি মেনে নিলে এবং সোমবারের জন্য কারখানায় ছুটি ঘোষণা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিহত যুবক বাস চালকের সহকারী হতে পারে বলে ধারনা করছে পুলিশ। তার লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।