চট্টগ্রামে শিবিরের হামলা, ২ পুলিশ আহত
চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
শিবির নেতাকর্মীরা সোমবার সকালে নগরীর কোতয়ালি থানার বিআরটিসি মোড়ে জড়ো হয়ে অতর্কিতে পুলিশের ওপর হামলা চালালে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবল মাসুদ করিম ও জামালকে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার আবদুল মান্নান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল ১০টার দিকে বিআরটিসি মোড়ে জড়ো হয়ে অতর্কিতে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুড়ে পালিয়ে যায় শিবিরের নেতাকর্মীরা।
এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে, সকালে ঢাকার মতিঝিলে পুলিশের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় সংঘর্ষে ২১ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।
এছাড়া রাজশাহী ও দিনাজপুরেও পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
