মতিঝিলে জামায়াতের হামলা-ভাংচুর
রাজধানীর মতিঝিলে অতর্কিত পুলিশের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির কর্মীরা।
এ সময় সংঘর্ষে অন্তত ২১ পুলিশ আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে শতাধিক গাড়ি। আগুন দেয়া হয়েছে পাঁচটি গাড়িতে যার মধ্যে পুলিশের একটি পিকআপ ভ্যান রয়েছে।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সামনে জামায়াত-শিবির কর্মীদের আগুনে দুটি গাড়ি পুড়ে গেছে।
এ ঘটনায় মতিঝিল, পল্টন ও শাহজাহান থানা পুলিশ অন্তত ৫০ জনকে আটক করেছে বলে জানান তিনি।
মতিঝিল থানার উপ-পরিদর্শক মোক্তার হোসেন জানান, সকাল ১০টার দিকে জামায়াত-শিবির কর্মীরা মিছিল নিয়ে থানার সামনে অতর্কিতে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবির কর্মীরা মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হয়ে গাড়ি ভাংচুর করতে করতে বলাকা চত্বরের দিকে এগিয়ে যায়। এ সময় পুলিশের একটি পিক আপ ভ্যানসহ তিনটি গাড়িতে আগুন দেয় তারা। পুলিশ ধাওয়া দিলে শিবিরকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এর কিছুক্ষণ পর তারা আবার জড়ো হয়ে স্টেডিয়াম ও জিরো পয়েন্ট এলাকায় ব্যাপক গাড়ি ভাংচুর করে। এ সময় বেশ কয়েকটি হাতবোমারও বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মেহেদি হাসান বেলা সাড়ে ১১টার দিকে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
মতিঝিল, দৈনিক বাংলা, পল্টন ও জিরো পয়েন্ট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
