২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় সন্ত্রাসে মদদ: আরেক ব্রিটিশ বাংলাদেশি গ্রেপ্তার

গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় ব্রিটেন ও নেদারল্যন্ডসের দুই সাংবাদিককে অপহরণে জড়িত থাকার অভিযোগে আরেক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য পুলিশ।

সৈয়দ নাহাস পাশা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 03:27 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

গ্রেপ্তার নাজুল ইসলাম (৩১) পূর্ব লন্ডনের স্ট্রাটফোর্ডের  বাসিন্দা। গত বৃহস্পতিবার তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই অভিযোগে গত বছর তার ভাই সাজুল ইসলাম (২৬) ও সাজুলের সহযোগী জুবায়ের চৌধুরীকে (২৪) গ্রেপ্তার করে লন্ডন পুলিশ।

নাজুলকে গত শুক্রবার ওয়েস্টমিনস্টার হাকিম আদালতে হাজির করে পুলিশ। সোমবার তাকে ওল্ড বেইলির বিচারিক আদালতে হাজির করার কথা রয়েছে।

গত বছর ১৭ জুলাই তুরস্ক-সিরিয়া সীমান্ত থেকে অপহৃত হন ব্রিটিশ ফটো সাংবাদিক জন ক্যান্টাইল ও ডাচ সাংবাদিক জরেন ওয়ারলেমানস। এরপর ২৬ জুলাই ফ্রি সিরিয়া আর্মির সহায়তায় মুক্তি পান তারা।

ব্রিটেনের সানডে টাইমসের সাবেক অলোকচিত্রী জন ক্যান্টাইল পরে অভিযোগ করেন, তাদের যারা অপহরণ করেছিল তাদের মধ্যে ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনআইএইচ) এক চিকিৎসকও রয়েছেন।

তার অভিযোগের ভিত্তিতে এনআইএইচের চিকিৎসক সাজুল ইসলাম ও তার সহযোগী জুবায়েরকে গত বছর অক্টোবরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। তাদের বিষয়ে তদন্তের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় সাজুলের ভাই নাজুলকে। 

নাজুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১২ সাজুল ও জুবায়ের সিরিয়া ভ্রমণের ব্যয় বহন করেন এবং তাদের জন্য গাড়ি ও বিভিন্ন সরঞ্জামের ব্যবস্থা করে দেন।  

সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ আনা হয়েছে এই তিন জনের বিরুদ্ধে।