২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমিতে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

তুরাগ থানার আহালিয়ায় এক ব্যবসায়ীর জমিতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে উত্তরা আওয়ামী লীগের এক নেতার ভাই নাদিম মাহমুদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 07:51 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

রোববার ন্যায়বিচার চেয়ে ফৌজদারি কার্যবিধিতে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এই আদেশ দেয়।

আদেশে একইসঙ্গে ব্যবসায়ী সিরাজুল হকের মালিকানাধীন আহালিয়া, মৌজা বাউনিয়া সিএস এবং এস এ দাগ নং-১২৭০, আর এস দাগ নং-৪৫০৬, ঢাকা সিটি জরিপ দাগ নং ৫৬১১ এবং ৫৬১০/৫৬৯১ জমিতে নাদিম মাহমুদের প্রবেশের ওপর ছয় মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

নাদিম মাহমুদ উত্তরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব হাসানের ভাই বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে আগামী সাতদিনের মধ্যে তা আদালতকে জানাতে বলা হয়েছে।

পাশাপাশি নাদিম মাহমুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ কেন দেয়া হবে না, রুলে তা জানতে চেয়েছে আদালত।

ঢাকার জেলা প্রশাসক, ডিএমপি কমিশনার, তুরাগ থানার ওসি এবং র‌্যাব-১ এর অধিনায়ককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

শুনানিকালে আদালত বলেন, দেশটা মগের মুল্লুক নয়। বৈধ কাগজপত্র থাকার পরও একজনের জমি আরেকজন দখল করে নিবে তা হতে পারে না।

সিরাজুল হকের পক্ষে তার ভাই সাজেদুল হক আবেদন করেন। সাজেদুল হক ঢাকার একটি দৈনিকে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসাবে কর্মরত।

আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

মনজিল মোরসেদ বলেন, রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে সিরাজুল হকের জমি থেকে তার সাইনবোর্ড ভেঙ্গে ফেলা হয়েছে। সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে আদালতের যথাযথ নির্দেশনা প্রয়োজন।

এসময় জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার নাজমুদ হুদা এবং অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়নের মত জানতে চায় হাইকোর্ট।

ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, নিম্ন আদালত অনেক সময় রাজনৈতিক প্রভাবের কারণে সঠিক বিচার করতে পারে না।

ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, নিম্ন আদালতে মামলা নিষ্পত্তিতে দীর্ঘ বিলম্ব হয়। এক্ষেত্রে হাইকোর্টের আদেশ দিতে পারে।