২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টে আগুন: ৩ মালিকের বিরুদ্ধে মামলা

রাজধানীর মোহাম্মদপুরে পোশাক কারখানা স্মার্ট ফ্যাশনসে আগুন লেগে সাত শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির তিন মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 07:49 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

নিহত শ্রমিক রাজিয়ার বাবা আলতাফ হোসেন শনিবার মধ্যরাতে মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার এজাহারে ওই প্রতিষ্ঠানের পরিচালক শ্রী সুভাষ, মো. শরীফ ও জাকির আহমেদসহ অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে।
আসামিদের অবহেলা ও গাফিলতির কারণে ওই অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বাদী। 

শনিবার দুপুর সোয়া ২টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় স্মার্ট ফ্যাশনস কারখানার দ্বিতল ভবনে আগুন লাগার পর হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক পদদলিত হন। ধোঁয়ায় দম বন্ধ হয়েও অসুস্থ হয়ে পড়েন কয়েকজন।  

এদের মধ্যে দুই শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আরো পাঁচজন মারা যান শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে।

মোহাম্মদপুরের ওসি আজিজুল হক জানান, ওই কারখানায় প্রায় সাড়ে তিনশ শ্রমিক কাজ করেন। তবে দুপুরে খাবার সময়ের পর যে সময় আগুন লাগে, সে সময় কারখানায় তুলনামূলকভাবে কম শ্রমিক ছিল।

বিজেএমইএ ক্রাইসিস ম্যানেজমেন্টের প্রধান মনছুর খালেদ জানিয়েছেন, স্মার্ট নামের ওই কারখানা বিজিএমইএর কাছ থেকে কোনো অনুমোদন নেয়নি।

পুরনো খবর:

আগুনে ৭ পোশাককর্মী নিহত