২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে নিপায় আক্রান্ত শিশটিকে রাজশাহীতে স্থানান্তর

নাটোরে নিপা ভাইরাসে আক্রান্ত ৮ মাস বয়সী শিশুটিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 05:42 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

নাটোরের সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর হাসপাতালে পাঁচ দিন ধরে চিকিৎসার পর নিপা ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হলে শনিবার রাতে মিল্লাত হোসেন নামের ওই শিশুকে রাজশাহী পাঠানো হয়।

Image
বাদুরের মাধ্যমে ছড়ায় নিপা ভাইরাস।

বাদুরের মাধ্যমে ছড়ায় নিপা ভাইরাস।

চিকিৎসকরা জানান, সাধারণ ওষুধে মিল্লাতের জ্বর ভাল না হওয়ায় তার মুখের লালা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। সেখানেই তার নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

এর আগে গত সোমবার মিল্লাতের মা আম্বিয়া বেগম ‘জ্বরে ভুগে’ মারা যান। তবে তিনি নিপায় আক্রান্ত হয়েছিলেন কি-না পরীক্ষা না হওয়ায় তা নিশ্চিত করতে পারেননি সিভিল সার্জন। 

মিল্লাতের বাবা সাইফুল ইসলাম জানান, আম্বিয়া মারা যাওয়ার পর ওইদিনই তার তাদের ছেলের জ্বর আসে।

চলতি মৌসুমে নিপায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এর মধ্যে রাজবাড়ী, ঝিনাইদহ, নওগাঁ, নাটোর ও গাইবান্ধায় মারা গেছেন পাঁচ জন। আর ঢাকায় মারা গেছে ৮ বছর বয়সী এক শিশু।

সাধারণত শীতকালে বাদুরের মাধ্যমে খেঁজুরের রস থেকে মানুষের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হয়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও সংক্রমণ হতে পারে। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বাংলাদেশে নিপা ভাইরাসের ঝুঁকি থাকে।

এ ভাইরাস সংক্রমণে শতকরা ৮০ জনের মৃত্যু হতে পারে, যেখানে কাঁচা খেজুর রস পান থেকে বিরত থাকলে এটা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব। ভাইরাস সংক্রমণের প্রায় আটদিন পর রোগের লক্ষণ প্রকাশ পায় বলে জানান আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান।

নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো- জ্বর, প্রলাপ বকা এবং সংজ্ঞা হারানো।

মাহমুদুর রহমান বলেন, “এ রোগে একবার আক্রান্ত হলে প্রতিকার কঠিন। তবে খেঁজুরের কাঁচা রস না খেয়ে ভাইরাসটির সংক্রমণ একশো ভাগ ঠেকানো সম্ভব।”