ফরিদপুরে চম্পা হত্যা: হামলায় বাদীসহ আহত ২০
ফরিদপুরে স্কুলছাত্রী চম্পা হত্যা মামলার বাদীপক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে আসামিপক্ষের উপর।
শনিবার বিকালে এ হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল বলে বাদীপক্ষ অভিযোগ করলেও পুলিশ অস্বীকার করেছে।
গত ১৪ ডিসেম্বর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের নবম শ্রেণির ছাত্রী জাকিয়া আক্তার চম্পার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই নিহতের ভাই হাসিবুল ইসলাম কোতোয়ালি থানায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৬/৭ জনের নামে একটি হত্যা মামলা করেন।
মামলার বাদী বাদী হাসিবুল ইসলাম বলেন, বিকাল ৪টার দিকে বাদীকে সঙ্গে নিয়ে পুলিশ মামলার ৪ নম্বর আসামি সালাম মাতুব্বরকে ধরতে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে তার বাড়িতে যায়।
এসময় আসামির লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে বাদীপক্ষের অন্তত ২০ জন আহত হয়, অভিযোগ বাদীর।
আহতদের ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করতে নেয়ার পথেও বাধা দেয় হয় বলে জানান তিনি।
আসামি সালাম মাতুব্বরের ভাই হাসান ও বজলুর ভাড়া করা ২০/২২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে আসামিপক্ষের লোকজনের ওপর হামলা চালায় বলে হাসিবুল অভিযোগ করেন।
হামলায় তিনি ছাড়াও আলমগীর মিয়া (৫০), হানিফ (৪৫), কাশেম (২৪) হুমায়ন (৬০), আলেয়া (৪০), আরিফসহ (২৫) অন্তত ২০ জন আহত হয় বলে দাবি করেন হাসিবুল।
ফরিদপুর সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহীনরেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মোট ৮জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের প্রায় সবারই মাথা ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা আবুল খায়ের শেখ বলেন, পুলিশের উপস্থিতিতে নয়, বরং তারা চলে আসার পর ওই হামলা হয়েছে।
বাদীপক্ষের উপর হামলার খবর পয়ে পুলিশ ওই এলাকায় অভিযানে গেছে বলেও তিনি জানান।
