আত্মহননে প্ররোচনা দেয়ার অভিযোগে ৩ সহপাঠী গ্রেপ্তার
বরিশালে এক ছাত্রের আত্মহননে প্ররোচনা দেয়ার অভিযোগে তার তিন সহপাঠীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে শহরের নথুল্লাহবাদ এলাকা থেকে বেসরকারি ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের তিন ছাত্রকে আটক করা হয়।
এরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার এলাকার সুদীপ মিস্ত্রির ছেলে বিভাস মিস্ত্রি (১৮), একই উপজেরার ডুমুরিয়া এলাকার সুকলাল বিশ্বাসের ছেলে গোপাল বিশ্বাস (১৮) ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পূর্ব সাপলেজা গ্রামের সদানন্দ বেপারীর ছেলে শিশির বেপারী (১৮)।
আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার জেল-হাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার রাতে নথুল্লাহবাদ শেরে বাংলা সড়কের প্রকৌশলী মনু মিয়ার বাসার নিচ তলার একটি কক্ষ থেকে নগরীর ইলুহার এলাকার সুশীল বৈদ্যর ছেলে রতন বৈদ্যর (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রতন ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
মহানগরীর বিমান বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নথুল্লাহবাদ শেরে বাংলা সড়কের ওই বাসার একটি কক্ষে তিন সহপাঠী ভাড়া থাকতেন। পরিচয়ের সূত্র ধরে রতনও মাঝে মাঝে সেখানে যেতেন।
কয়েকদিন আগে ওই মেস থেকে একটি মোবাইল ফোন ও এক হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় রতনকে দায়ী করে তার তিন সহপাঠী। শুক্রবার সন্ধ্যায় তাকে ডেকে এনে নির্যাতন করে সহপাঠীরা। এক পর্যায়ে রতন চুরি করার কথা স্বীকার করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরো বলেন, পরে তিন সহপাঠী রতনকে ওই কক্ষে আটকে রেখে তার পরিবারের সদস্যদের খবর দেয়। স্বজনরা আসার আগেই রতন ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শনিবার এই তিন শিক্ষার্থীর বিরুদ্ধে নিহতের মামা লিটন ডাকুয়া মামলা করেন। রতনের লাশ ময়না তদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
