ধর্ষকের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ চায় বিজিএমইএ
মানিকগঞ্জে চলন্ত বাসে পোশাক কর্মীকে ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ মহাসচিব এহসান উল ফাত্তাহ বলেন, “এ হীন ও ন্যাক্কারজনক ঘটনায় পোশাক শিল্পের নারী কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।”
“এ ঘটনার সাথে জড়িত বাস চালক ও হেলপারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে বিজিএমইএ।”
পোশাক শিল্প অধ্যুষিত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান বিজিএমইএ মহাসচিব।
বৃহস্পতিবার মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকায় চলন্ত বাসে ধর্ষিত হন এক পোশাক কর্মী।এ ঘটনায় বাস চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- শুভযাত্রা পরিবহনের চালক দিপু মিয়া (৩২) ও তার সহকারী আবুল কাশেম (২৬)।
ভারতের রাজধানী নয়া দিল্লিতে চলন্ত বাসে এক তরুণী ধর্ষণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যেই মানিকগঞ্জে এই ঘটনা ঘটেছে।
