২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকবার সেবার সুযোগ চাই: প্রধানমন্ত্রী

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খুলনার পর চট্টগ্রামেও জাতীয় নির্বাচনের জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উত্তম সেন গুপ্ত

রাঙ্গুনিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 02:09 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

শনিবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পাইলট স্কুল মাঠে জনসভায় প্রধানমন্ত্রী নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে, শিক্ষক নিয়োগ দিয়েছে এবং শ্রমিকদের বেতন ৬০ থেকে ৭০ শতাংশ বাড়িয়েছে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে বলেও দাবি করেন শেখ হাসিনা।

আগামী নির্বাচনে আরেকবার সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “দেশের উন্নয়নে, দেশকে কলঙ্কমুক্ত করতে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশের জনগণের সেবার জন্য আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।”

এর আগে শনিবার বিকাল ৪টায় পাইলট স্কুল মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। বক্তব্য শুরু করেন সোয়া ৪টায়।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় শেখ হাসিনা বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর রাজাকারদের হাতে রক্তে অর্জিত পতাকা তুলে দিয়েছিল। আমরা ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। রায় দেয়া শুরু হয়েছে, একজনের পাওয়া গেছে, বাকিদেরও রায় পাব আশা করছি।

এর মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের উপর লেপ্টে থাকা কলঙ্ক মুছে দিয়ে দেশকে রাহুমুক্ত করা হবে, বলেন শেখ হাসিনা।

বিএনপি সোনালী আঁশ পাটকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “বিএনপির আমলে কল কারখানা বন্ধ করে দিয়ে পাটের বাজার ভারতের হাতে তুলে দিয়েছিল। আমরা ২৭ টি কারখানা চালু করে পাটের সুদিন ফিরিয়ে এনেছি।”

তিনি  বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসে জনগণের উন্নয়নের জন্য আর বিএনপি আসে জনগণের ধনসম্পদ লুট করতে। বিএনপি নেত্রী ক্ষমতায় এসে দুর্নীতির মাধ্যমে এত টাকা আয় করেছে যা জরিমানা দিয়ে সাদা করছে।

আধঘণ্টার বক্তব্যে শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন।

জনসভায় অন্যদের মধ্যে পাটমন্ত্রী  আবদুল লতিফ সিদ্দিকী, বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন, সাংসদ এবিএম আবুল কাশেম মাস্টার, নুরুল ইসলাম বিএসসি, হাসিনা মান্নান, চেমন আরা তৈয়ব এবং কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য দেন।

বিকাল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে চট্টগ্রাম থেকে রাঙ্গুনিয়া পৌঁছেন। প্রথমে তিনি কর্ণফুলী জুট মিল ও ফোরাত কার্পেট মিলের সরকারিভাবে পুনরায় চালু কার্যক্রমের উদ্বোধন করেন।

এর আগে সকালে বন্দরনগরীতে প্রকৌশলিদের জাতীয় কনভেনশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।