শৈত্যপ্রবাহ আরো দুই দিন থাকতে পারে
শৈত্যপ্রবাহ আরো অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের উত্তরাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকায় এক সপ্তাহ ধরে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের এ শৈত্যপ্রবাহ। এ মাসের শুরুতে সৈয়দপুরে স্বাধীনতা উত্তর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কারা ৩ ডিগ্রি সেলসিয়াস।
অধিদপ্তরের কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ দফায় আর তাপমাত্রা কমার আশঙ্কা নেই। দুই দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। ফেব্রুয়ারিতে আরেক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাংশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
কুষ্টিয়া, রাজশাহী, পাবনা ও শ্রীমঙ্গল অঞ্চলের উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সীতাকুন্ড, ফেনী ও চাঁদপুর অঞ্চলসহ ঢাকা, রংপুর, বরিশাল এবং খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপবিবর্তিত থাকতে পারে।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪-৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।
গত ডিসেম্বরে দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দুটি শৈত্যপ্রবাহ বয়ে যায়। তৃতীয় দফার শৈত্যপ্রবাহ শুরু হয়ে তা তীব্র রূপ নেয়। এসময় তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নামে। শীতের তীব্রতায় দেশজুড়ে ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে ওঠে।
জানুয়ারি মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়েছিল, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২ টি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস)/ তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ এবং অন্যত্র ২-৩ টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস )/ মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
