২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে পাটের গুদামে আগুন

নারায়ণগঞ্জ সদরে একটি পাটের গুদামে আগুনে বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 11:37 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শনিবার সকালে গোদনাইলে বাংলাদেশ সমবায় শিল্প সংস্থা থেকে ভাড়া নেয়া একটি গুদামে এ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার পাট পুড়ে যাওয়ার দাবি করছে মালিকপক্ষ।

বাংলাদেশ সমবায় শিল্প সংস্থার ২১টি গুদামের ছয়টি গুদাম ভাড়া নিয়েছে উষা জুট মিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  সকাল সাড়ে ১০টার দিকে উষা জুট মিলের ৮নম্বর গুদামে আগুনের সুত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আড়াইঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  আগুন নিয়ন্ত্রণে এলেও গুদামে পাটের ভেতরে চাপা আগুন জ্বলছে। আগুন সম্পূর্ণ নেভাতে বিকাল পর্যন্ত সময় লাগবে।

তবে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

উষা জুট মিলের উপ-ব্যবস্থাপক ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে এসেছন। গুদামে ২১ হাজার মণ পাট মওজুদ ছিল, যার সবটাই পুড়ে গেছে।

তিনিও অগ্নিকাণ্ডেরর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।