চট্টগ্রামে তড়িতাহত হয়ে দুই শ্রমিক নিহত
চট্টগ্রাম নগরীর সদরঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন।
শনিবার দুপুরে ডবলমুড়িং থানার সদরঘাটের ইসলামিয়া কলেজের মোড়ে ফোরস্টার টাওয়ারের নির্মাণ কাজের সময় তারা তড়িতাহত হন বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. সুমন (২৫) খুলশী থানার রেলওয়ে কলোনির জোনাব আলীর ছেলে ।
নিহত অন্যজনের নাম মো. মোতালেব (২০)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. নাজিমউদ্দিন ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার শ্রমিককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
আহত মো. আলমগীর (২৫) ও মো. মাহবুব (৩০) হাসপাতালে চিকিৎসাধীন।
