প্রাণ হারানোর আশঙ্কা জালালপুত্রের
নিজের পিস্তলের গুলিতে নিহত নেত্রকোনার সাবেক সাংসদ জালাল উদ্দিন তালুকদারের ছেলে শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল প্রাণ হারানোর আশঙ্কায় ভূগছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় সাংসদ ও পুলিশ কর্মকর্তারা পরষ্পরের যোগসাজসে তাকে হত্যার ষড়যন্ত্র করছে দাবি করে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন জালালের প্রথমপক্ষের স্ত্রীর এই ছেলে।
তবে রুয়েলের বোনের দাবি, ওয়ারিশদের বাদ দিয়ে জালাল তালুকদারের রেখে যাওয়া সম্পদ একা ভোগ করার জন্যই রুয়েল এসব কাল্পনিক ও মিথ্যা গল্প সাজাচ্ছেন।
নেত্রকোনা-১ আসনের (দুর্গাপুর-কলমাকান্দা) সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার (৬৫) গত বছরের ২৫ সেপ্টেম্বর দুর্গাপুরের বাসায় নিজ পিস্তলের গুলিতে আহত হওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
তিনি আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন তা এখনো রহস্যজনক।এ ঘটনা তদন্তের দায়িত্বপ্রাপ্ত সিআইডি এখনো প্রতিবেদন দেয়নি।
যদিও রুয়েল শুরু থেকেই দাবি করে আসছেন, জালাল উদ্দিন তালুকদারকে হত্যা করা হয়েছে।
এজন্য তিনি জালাল উদ্দিনের দ্বিতীয় পক্ষের স্ত্রী আয়শা খাতুন ও আয়েশার প্রথম পক্ষের ছেলে মাসুমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।পুলিশ তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করেন।পরে আয়েশা ও মাসুম উচ্চ আদালত থেকে জামিন পান।
গত বৃহস্পতিবার জালাল উদ্দিন তালুকদারের ‘হত্যাকারীদের’ গ্রেপ্তার ও বিচারের দাবিতে দুর্গাপুরে আধাবেলা হরতাল ডাকে আওয়ামী লীগের একটি পক্ষ।
ওইদিন হরতালকারীরা দুর্গাপুরে আয়েশার প্রথম পক্ষের মেয়ে ঝুমার কাচারি মোড়ের বাসায় হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মিলির স্বামী সাইদুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নামোল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন থানায়।সেই মামলায় রুয়েলকে হুকুমের আসামি করা হয়।
শুক্রবার রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রুয়েল উল্লেখ করেন, “বাবার মতো আমাকেও হত্যা করা হতে পারে।ছোট বোন জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা, ভগ্নিপতি গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন ও স্থানীয় সাংসদ মোস্তাক আহম্মেদ রুহী পরস্পর যোগসাজসে রাজনৈতিক-আর্থিক লাভবানের উদ্দেশ্যে আমাকে হয়রানিসহ হত্যার ষড়যন্ত্র করছেন।”
এরা জালাল তালুকদার হত্যার সঙ্গেও জড়িত দাবি করে রুয়েল বিজ্ঞপ্তিতে আরো বলেন, হত্যা মামলা দায়েরের সময় মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তাদেরকে আসামি করতে পারেননি।তবে বিষয়টি সিআইডিকে জানানো হয়েছে।
একই সঙ্গে রুয়েল ‘হত্যা ও হয়রানি’র ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সন্দেহে নেত্রকোনার পুলিশ সুপার জাকির হোসেন খান, দুর্গাপুর থানার ওসি আলমগীর হোসাইন, উপ-পরিদর্শক (এসআই) জামিলুর রহমান, আমজাদ হোসেন, আলমগীর হোসেন ও ফরিদ উদ্দিনের প্রত্যাহার দাবি করেন।
অভিযোগের সমর্থনে রুয়েল বলেছেন, ইতোমধ্যে দুর্গাপুর থানায় তার নামে দুটি মিথ্যা মামলা হয়েছে।এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে রুয়েলের ছোটবোন জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওয়ারিশদের বাদ দিয়েই বাবার রেখে যাওয়া সব সম্পদ ভোগ করার জন্য রুয়েল আমার এবং আমার স্বামীর বিরুদ্ধে কাল্পনিক, অসত্য নানা গল্প সাজাচ্ছেন। তিনি ওয়ারিশ অনুযায়ী আমার পাওনা সম্পত্তিও তাকে লিখে দেয়ার জন্য চাপ দিচ্ছেন। সম্পত্তি লিখে না দিলে বাবার হত্যা মামলায় আমাকে ও আমার স্বামীকে আসামি করার হুমকি দিচ্ছেন রুয়েল।”
“আমি বাবার কোনো সম্পত্তিতে হাত দেইনি। বাবার সঙ্গে রুয়েল খারাপ ব্যবহার করতেন। এ নিয়ে বাবা দুর্গাপুর থানায় রুয়েলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন,” যোগ করেন ঝুমা।
ঝুমার স্বামী গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেনও এসবকে ‘কাল্পনিক’ বলে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
জালাল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম দেওয়ান শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যা মামলাটি দায়েরের সময় রুয়েল তার বোন, ভগ্নিপতি বা সাংসদ কাউকে আসামি করেননি। জালাল তালুকদারের মৃত্যুরহস্য এখনো উদঘাটিত হয়নি। তদন্ত চলছে।
দুর্গাপুর থানার ওসি আলমগীর হোসাইন বলেন, রুয়েল কিছুদিন আগে সাংসদ, আপন বোন ও ভগ্নিপতির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে জিডি করতে চেয়েছিলেন। সেই জিডি গ্রহণ না করায় ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে অভিযোগ করছেন।
নেত্রকোনা পুলিশ সুপার জাকির হোসেন খানও তার বিরুদ্ধে রুয়েলের অভিযোগকে কাল্পনিক বলে মন্তব্য করেন।
