রংপুর অচল করে দেওয়ার হুমকি মেয়র-কাউন্সিলরদের
আগামী দশ দিনের মধ্যে শ্যামা সুন্দরী খাল সংস্কার প্রকল্পের সরিয়ে নেওয়া অর্থসহ নথিপত্র সিটি করপোরেশনে ফেরত দেওয়া না হলে রংপুরকে অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন নবনির্বাচিত সিটি মেয়র ও কাউন্সিলররা।
একইসঙ্গে তারা স্থানীয় সরকার সচিবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তার অপসারণ দাবি করেন।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পাবলিক লাইব্রেরী মাঠে জনসভা করে এসব দাবি জানান তারা।
জনসভায় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারিরা এবং জেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতি সংহতি প্রকাশ করে। এতে ৩৩টি ওয়ার্ড থেকে ২০ হাজারের বেশি মানুষ যোগ দেন।
জনসভায় মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, “গত চার বছরে সিটি করপোরেশনে যত উন্নয়ন কাজ হয়েছে তার বেশিরভাগই করেছেন স্থানীয় সরকার সচিবের ভাই, ভগ্নিপতি ও তার ভাগ্নে। তারা রাতারাতি কোটিপতি বনে গেছেন। এসব কাজে ব্যাপক অনিয়ম হয়েছে।”
সচিব এই অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছেন দাবি করে মেয়র আরো অভিযোগ করেন, ৯ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে এক বছর আগে শ্যামা সুন্দরী খালের সংস্কার কাজ পেয়েছেন তার ছোট ভাই শামীম খান রাজুসহ চারজন। ইতোমধ্যে ৬ কোটি ৮৫ লাখ টাকা প্রদান করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। এরমধ্যে ৪ কোটি টাকা ব্যয়ে খালটি খনন করার কথা থাকলেও কোনো কাজ হয়নি।
এ প্রসঙ্গে তিনি জানান যে, নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা বিষয়টি জানার পর প্রকল্পের কাজ বন্ধ করে দেন। বিষয়টি জানার পর ১৬ জানুয়ারি এক চিঠিতে শ্যামা সুন্দরী খাল সংস্কার প্রকল্পের কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাছে হস্তান্তর করার নির্দেশ দেন স্থানীয় সরকার সচিব। রোববার প্রকল্পের ৩ কোটি ১০ লাখ টাকার সব নথিপত্র এলজিইডির কাছে হস্তান্তর করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
স্থানীয় সরকার সচিবকে উদ্দেশ্য করে ঝন্টু বলেন, আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে শ্যামা সুন্দরী খাল সংস্কার প্রকল্পের সরিয়ে নেওয়া অর্থসহ নথিপত্র ফেরত দেওয়া না হলে ৪ ফেব্রুয়ারি থেকে রংপুর অচল করে দেওয়া হবে।
কাউন্সিলর জহুরুল ইসলাম আদাব্বরের সভাপতিত্বে কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন, আকরাম হোসেন, হাফিজ আহমেদ ছুট্টু, জাহাঙ্গীর আলম তোতা, শাহজালাল করিম বকুল, আব্দুল কাদের, হামিজা খাতুন, জাফরিন ইসলাম রিপা, শাফিউল ইসলাম শাফি। এসময় ৪৪ জন কাউন্সিলরই উপস্থিত ছিলেন।
জনসভায় দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও জেলা সম্পাদক রেজাউল ইসলাম মিলন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল লতিফ খান।
এদিকে স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রংপুর সিটির উন্নয় কাজ নিয়মতান্ত্রিকভাবে হয়েছে। কোনো অনিয়ম হয়নি। মেয়র ও কাউন্সিলররা কোথায় অনিয়ম খুঁজে পেলেন সেটা আমার জানা নেই।”
গত ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ জানুয়ারী নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার বিভাগ।
