ইডেনছাত্রীকে অ্যাসিড ‘নিক্ষেপকারী’ গ্রেপ্তার
ইডেনছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের মামলার প্রধান আসামি মনির উদ্দিন গ্রেপ্তার হয়েছেন।
অ্যাসিড নিক্ষেপের মূল অভিযোগ এই মনির উদ্দিনের বিরুদ্ধে
রাঙামাটির বরকল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা এই তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, মনির ওই এলাকার একটি বাড়িতে আত্মগোপন করে ছিলেন। খবর পেয়ে অানসার সদস্যরা গিয়ে তাকে আটক করে।
গত ১৫ জানুয়ারি রাজধানীর চানখারপুলে কাজী অফিসে অ্যাসিড সন্ত্রাসের শিকার হন ইডেন কলেজের ছাত্রী শারমিন আক্তার আঁখি।
বিয়েতে রাজি না হওয়ায় মনির ও তার বন্ধু মাসুম মিলে আঁখিকে ছুরিকাঘাত করে এবং অ্যাসিডে ঝলসে দেয় বলে অভিযোগ রয়েছে।
আঁখির মুখ ও ডান হাত অ্যাসিডে ঝলসে গেছে। তার হাতে, পায়ে ও পিঠে ছুরিকাঘাতে মোট পাঁচটি চিহ্ন পেয়েছে পুলিশ।
মনিরকে উদ্দিনকে গ্রেপ্তারে হাই কোর্টের নির্দেশনা রয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের একটি আবেদনে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও মাহমুদুল হকের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
