২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর গলায় চাপাতি ধরে মাকে খুন

রাজধানীর রায়েরবাজারে নিজের বাড়িতে খুন হয়েছেন এক নারী।

লিটন হায়দার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 11:08 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

নিহত তাসলিমা আক্তার জেসমিন (৩৮) বাড়িতে সন্তান ও দুই গৃহকর্মীকে নিয়ে টালি অফিস গলির তিন তলা একটি ভবনের দ্বিতীয় তলায় থাকতেন। তার স্বামী থাকেন বিদেশে।

বৃহস্পতিবার ভোরে ওই বাসায়ই হাত-পা বেঁধে সন্তানের সামনে জেসমিনকে হত্যা করা হয় বলে তার স্বজনরা জানিয়েছেন।

হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বাড়ি থেকে নগদ ৭০ হাজার টাকা এবং চার ভরি স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলে স্বজনরা পুলিশকে জানিয়েছেন।

Image
রায়ের বাজারে নিহত জেসমিন

রায়ের বাজারে নিহত জেসমিন

জেসমিনের আট বছর বয়সি সন্তান তার খালা শামীমা আক্তার মুক্তাকে জানিয়েছে, বুধবার রাতে দুই নারী ও দুই পুরুষ তাদের বাড়িতে ছিল। তারাই ভোরে তার গলায় চাপাতি ধরে কথা বলতে নিষেধ করে তার মাকে হত্যা করেছে।

ভাগ্নেকে উদ্ধৃত করে শামীমা সাংবাদিকদের বলেন, বুধবার রাতে আশা নামে জেসমিনের পরিচিত একজন বাড়িতে আসে। পরে আরো দুই যুবক ও এক নারী আসে এবং রাতে খাওয়া-দাওয়া শেষে তারা অন্য দুই কক্ষে ঘুমায়।

সন্তানকে নিয়ে জেসমিন ছিলেন একটি কক্ষে। এছাড়া অন্য একটি কক্ষে ছিলেন দুই গৃহকর্মী রনি আক্তার বৃষ্টি (২২) ও কাজল ওরফে শিল্পী (২৫)।

শিশুটি বলেছে, ভোর রাতে ওই চার ‘অতিথি’ তাদের কক্ষে ঢোকে এবং তার গলায় চাপাতি ধরে চিৎকার করতে নিষেধ করে। এরপর তার সামনে তার মার পা বেঁধে গলা চেপে ধরে হত্যা করে।

শিশুটি ভয়ে তখন লেপের নিচে মুখ ঢেকে ছিল বলে জানান শামীমা।

তিনি বলেন, ওই চার জন চলে গেলে তার ভাগ্নে পাশের কক্ষে ঘুমিয়ে থাকা বৃষ্টি ও শিল্পীকে জাগিয়ে ঘটনাটি বলে।

তখন রনি ও শিল্পী ঘটনা দেখে জেসমিনের মেয়ে রোমানা আফরোজ শান্তার স্বামী সুমনকে টেলিফোন করে সব জানায়।  

শান্তা থাকেন লালবাগে স্বামীর সঙ্গে। তবে মাঝে মাঝে মায়ের বাসায় গিয়েও থাকতেন বলে শামীমা জানান। শান্তার বাবা এনামুল হক পারভেজ ছয় মাস আগে ব্রাজিল যান।

সুমন ঢুকে বাড়ির সব এলোমেলো দেখতে পায়। তখন তিনি থানায় খবর দেন।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব পরিচিত মহিলা কৌশলে ওই বাসায় ঢুকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

“বাসার সবকিছু তছনছ করা রয়েছে। বাসা থেকে ৭০ হাজার টাকা এবং চার ভরি স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলে স্বজনরা জানিয়েছেন।”

ওই ভবনের নিচতলার এক বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “আমার বুয়া (গৃহকর্মী) বাসায় আসার সময় সকাল ৮টার দিকে দুই নারীকে দ্বিতীয় তলার বাসা থেকে বের হতে দেখেছেন।”

এসআই জহির বলেন, “দ্বিতীয় তলার সিঁড়ি ঘরের গ্রিল ভাঙ্গা রয়েছে। ধারণা করছি, দুই ব্যক্তি রাতে ওই পথ দিয়ে বেরিয়ে যাওয়ার পর দুই নারী বের হয়ে যায়।”

তিনি বলেন, আশা নামে নারী আগেও ওই বাসায় থাকত বলে পুলিশ জানতে পেরেছে।

পুলিশ হত্যারহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা জহির।

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।