ধর্ষকের ফাঁসি নয়, আমৃত্যু কারাদণ্ডের সুপারিশ
দিল্লির গণধর্ষণের পেছনে সুশাসনের অভাবকেই মূল কারণ হিসাবে চিহ্নিত করে কিছু আইন সংশোধনের সুপারিশের পাশাপাশি পুলিশ আর প্রশাসনের মানসিকতা পরিবর্তনের ওপর জোর দিয়েছে বিচারপতি জে এস ভার্মা নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশন।
তবে ধর্ষকের মৃত্যুদণ্ডের যে দাবিতে পুরো ভারত উত্তাল হয়ে উঠেছিল, তাতে সায় দেননি কমিশনের সদস্যরা।
গত ১৬ ডিসেম্বর দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন ২৩ বছর বয়সী এক মেডিকেল ছাত্রী। নির্মমভাবে পেটানো হয় তার বন্ধুকেও। পরে তাদের দুজনকে বাস থেকে ছুড়ে ফেলে পিষে মারার চেষ্টা করে ধর্ষকরা।
ঘটনার দুই সপ্তাহ পর সিঙ্গাপুরের এক হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণীর।
এ ঘটনায় ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি ওঠে। বিক্ষোভরত তরুণরা ইন্ডিয়া গেইটে পুলিশের সঙ্গে সংঘাতেও জড়ায়।
এরপর ধর্ষণের ঘটনা ও আইন সংশোধনের বিষয়টি খতিয়ে দেখতে বিচারপতি জে এস ভার্মার নেতৃত্বে এই কমিশন করা হয়। এতে সদস্য করা হয় হিমাচল প্রদেশের সাবেক প্রধান বিচারপতি লাইলা শেঠ ও সাবেক অ্যাটর্নি জেনারেল গোপাল সুব্রামনিয়ামকে।
কমিশন করার ২৯ দিনের মাথায় বুধবার ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়ে বিচারপতি ভার্মা সাংবাদিকদের বলেন, “ভারতের যুবসমাজই মানসিকতা পরিবর্তন আনার পথ দেখিয়েছে। আমরা যুব সমাজের কাছে ঋণী। প্রতিবাদের মধ্য দিয়ে তারা অত্যন্ত পরিণত মানসিকতার পরিচয় দিয়েছে।... এটাই সমাজে পরিবর্তন আনার প্রথম ধাপ।”
তবে মৃত্যুদণ্ডের দাবির সঙ্গে একমত না হয়ে ভার্মা কমিশন বলেছে, ভারতের প্রচলিত আইন কার্যকর করতে পারলেই নারীর প্রতি সহিংসত রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি সম্ভব। আইনে নয়, গলদ আইনের শাসন বাস্তবায়নে।
এ ধরনের মামলায় পুলিশ ও প্রশাসনের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক প্রধান বিচারপতি জে এস ভার্মা ।
প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের একটি বড় অংশ সমাজকে ‘সংকীর্ণ পিতৃতান্ত্রিক’ দৃষ্টিভঙ্গিতে দেখেন। এজন্য পুলিশ ব্যবস্থার সংস্কার করে রাজনীতির প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারার পরিবেশ তৈরির সুপারিশ করেছে কমিশন।
মৃত্যুদণ্ডের বদলে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি হিসাবে আমৃত্যু কারাদণ্ডের পক্ষে মত দিয়েছেন কমিশনের সদস্যরা। তবে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রচলিত আইন অনুযায়ীই মৃত্যুদণ্ড হতে পারে।
আর যেখানে হত্যার উদ্দেশ্য না থাকলেও ধর্ষণের পর নির্যাতিতের মৃত্যু হয়েছে, তেমন ক্ষেত্রে ন্যূনতম ২০ বছরের কারাদণ্ডের সুপারিশ করেছে কমিশন।
এর পাশাপাশি সব ধরনের যৌন হয়রানি প্রতিরোধে প্রশাসন ও পুলিশকে আরো সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছে ভার্মা কমিশন। ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বা উত্ত্যক্ত করার ঘটনাকেও শাস্তির আওতায় আনার সুপারিশ এসেছে।
