এসিআই কারখানার শ্রমিক বিক্ষোভ
নারায়ণগঞ্জের গোদনাইলে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানা শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে।
মঙ্গলবার প্রায় তিনশ’ শ্রমিক এ বিক্ষোভে অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়।
নাম প্রকাশের না শর্তে বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, কারখানায় প্রায় দেড় হাজার শ্রমিক রয়েছে। এরমধ্যে দৈনিকভিত্তিক মজুরিতে কাজ করেন প্রায় তিনশ’ জন।
এ শ্রমিকদের দিনভিত্তিক মজুরি গত দুই বছর ৩৫ টাকা করে বাড়িয়েছে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু এ বছর তা ২৫ টাকা বৃদ্ধি করা হয়। শ্রমিকদের দাবি ছিল, এ বছর তাদের মজুরি দৈনিক ৫০ টাকা বাড়ানো হোক।
মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে ২৫ টাকা বাড়ানোর নোটিশ দেখে ক্ষুদ্ধ হয়ে ওঠে। তারা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ করে বলে জানান শিল্প পুলিশ-৪ এর পরিচালক মাহবুব আলম।
তিনি জানান, দৈনিকভিত্তিক মজুরির বাইরের শ্রমিকরা কারখানায় কাজ করছেন। কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছেন। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসিআই কারাখানার মানব সম্পদ কর্মকর্তা আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, শ্রমিকরা না চাইতেই এ বছর ২৫ টাকা মজুরি বাড়ানো হয়েছে। হঠাৎ করে শ্রমিকদের আন্দোলনের কারণ বোধগম্য নয়।
