কামরাঙ্গীরচরে প্লাস্টিকের গুদামে আগুন
ঢাকার কামরাঙ্গীরচরের পশ্চিম আশরাফাবাদে একটি প্লাস্টিক কারখানার গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে এ দুঘটনায় কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সিদ্দিকুর রহমানের মালিকানাধীন সুরমা প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আধা-পাকা গুদামে আগুন লাগলে অগ্নিনির্বাপক বাহিনীর লালবাগ ও পলাশীর চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন অগ্নি নির্বাপক কর্মীরা।
কারখানা মালিকের বরাত দিয়ে মোহাম্মদ আলী জানান, আগুনে প্রায় ১৫ লাখ টাকার প্লাস্টিক সামগ্রী পুড়ে গেছে।
