সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত ৯
সিরাজগঞ্জের তাড়াশ এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৪০ জন।
এরমধ্যে সোমবার রাতে তাড়াশে পাঁচ জন এবং মঙ্গলবার দুপুরে ধনবাড়ীতে চার জন নিহত হন।
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানায় উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, রাত আড়াইটার দিকে নাটোর-বনপাড়া সড়কের কালুপাড়ায় দুর্ঘটনায় নিহতরা হলেন উত্তর উজিরপুরের আব্দুর রহমান (২২), তারাপুরের আনোয়ার (৪৫), কবিরুল হোসেন (২৮), মামুন (১৮) এবং পূর্ব জালালপুরের তুহিন।
সবাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা বলে পুলিশ কর্মকর্তা জানান।
এসআই কামরুজ্জামান আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে তাড়াশের কালুপাড়ায় বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুটো বাহনেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
আহত ১০ জনের মধ্যে পাঁচ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধারের পর হাটিকুমরুল হাইওয়ে থানায় নেয়া হয় বলে কামরুজ্জামান জানান।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ধনবাড়ী উপজেলায় টাঙ্গাইল-জামালপুর সড়কের বানিয়াজান এলাকায় একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে গেলে চার জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের তিন জন হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার খোদাইমারী গ্রামের আরফান আলী (৪০), পূর্ব এজনাবাড়ি গ্রামের তসলিম মিয়া (৪৫) এবং জামালপুরের বকশিগঞ্জ উপজেলার কাশিগঞ্জ গ্রামের নূরুল ইসলাম (৩৮)।আরেকজনের পরিচয় জানা যায়নি।
আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হযেছে বলে পুরিশ জানিয়েছে।
ধনবাড়ী থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রৌমারীগামী শাকিল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
