২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কার্যকর’ সামরিক অধ্যাদেশগুলো আইনি ভিত্তি পাচ্ছে

সামরিক সরকারের সময়ে জারি করা কার্যকর কিছু অধ্যাদেশকে আইনি ভিত্তি দিতে দুটি আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

শামীম আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 06:00 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইয়া সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন,  জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের সামরিক সরকারের সময় জারি করা মোট ১৭২টি অধ্যাদেশের মধ্যে অকার্যকর কিছু অংশ বাদ দিয়ে কার্যকর অধ্যাদেশগুলো আইনি ভিত্তি দিতেই আইনের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

সচিব জানান, ১৯৭৫ সালের ২০ অগাস্টের পর থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত ৯১টি এবং ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১০ নভেম্বর সময়ের মধ্যে ৮১টি অধ্যাদেশ জারি হয়েছিল।

আদালত সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করায় এই ১৭২টি অধ্যাদেশের কার্যকারিতা নিয়ে আইনি প্রশ্ন উঠেছে।

সচিব বলেন, “হাই কোর্ট সামরিক সরকারের সময়ের অধ্যাদেশ অবৈধ ঘোষণা করেছে। এ অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলোর আবশ্যিকতা রয়েছে, তার জন্য অধ্যাদেশ জারি করা হবে। আর পরবর্তীতে যে সব আইনের দরকার হবে তা নতুন করে করা হবে।”

রাষ্ট্রপতি ও স্পিকারের স্বেচ্ছাধীন তহবিল দ্বিগুণ

রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিলের পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্পিকারের একই তহবিলের পরিমাণ দ্বিগুণের বেশি হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে দুটি আইনের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিলের পরিমাণ ছিল ১ কোটি টাকা, তা ২ কোটি টাকা করা হচ্ছে। স্পিকারের স্পীকারের স্বেচ্ছাধীন তহবিল সাড়ে ৪ লাখ থেকে ১০ লাখ টাকা হচ্ছে।

প্রধানমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের পরিমাণ বাড়ানোর আইনের খসড়া মন্ত্রিসভায় উঠানো হলেও তা অনুমোদন হয়নি জানিয়ে সচিব বলেন, প্রধানমন্ত্রী নিজে এতে রাজি ছিলেন না।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দৈনিক ভ্রমণ ভাতা বাড়ানোর বিল মন্ত্রিসভায় উঠলেও তা-ও অনুমোদন হয়নি।

বর্তমানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী ৭৫০ টাকা, উপমন্ত্রী ৬৫০ টাকা দৈনিক ভ্রমণ ভাতা পান এবং একজন সচিব বর্তমানে দৈনিক ভ্রমণ ভাতা পান ১ হাজার টাকা।

সভায় ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এর অধীন মাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গঠনের প্রস্তাব অনুমোদন হয়।

এছাড়া হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত গণপরিবহন ব্যবস্থা হিসাবে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) পরিচালনা, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড গঠনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।