২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাচ্চু রাজাকারের ফাঁসির রায়, আনন্দ রাজশাহীতে 

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশে আনন্দ মিছিল হয়েছে রাজশাহীতে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 10:31 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বাচ্চু রাজাকারের রায় ঘোষণার পরপরই দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করে মহানগর আওয়ামী লীগ।

আনন্দ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়।

আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাদশা, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান শফিক, সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার প্রমুখ।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক উদ্দিন বলেন, এ রায়ের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। রায় কার্যকর করে দেশ একাত্তরের কলঙ্কমুক্ত হবে।

এছাড়া রায়ে সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যক্রর ও অন্যদের রায় ঘোষণার দাবি জানিয়েছেন রাজশাহীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বোয়ালিয়া মডেল থানা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রোকনুজ্জামান বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যেকোনো নাশকতা এড়াতে নগরীর মোড়ে মোড়ে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

এছাড়া নগরীতে র‌্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় বলেও তিনি জানান।