মাছে ফরমালিন, চট্টগ্রামে ব্যবসায়ীকে জরিমানা
মাছে ফরমালিন দেয়ায় চট্টগ্রামের ফিশারিঘাটে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ফরমালিনযুক্ত ৪০০ কেজি লইট্টামাছ জব্দের পর তা ধ্বংস করা হয়েছে।
সোমবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের হাকিম গৌতম বাড়ৈর নেতৃত্বে জেলা মৎস্য অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরীর পাইকারী মাছ বাজার ফিশারিঘাটে হাজী আবদুল সাত্তারের গদি থেকে এসব লইট্টা মাছ জব্দ করে।
অভিযানে থাকা পটিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফরমালিনযুক্ত লইট্টামাছ বিক্রির সময় তা জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়েছে।
মাছে ফরমালিন দেয়ায় আব্দুল সাত্তারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন শুটকিপল্লীতে অস্বাস্থ্যকর পরিবেশে মাছ শুকানোর অভিযোগে মোহাম্মদ ইমরান নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে এ আদালত।
