কমার্স ব্যাংকে নতুন পরিচালক নিয়োগ
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিনকে বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন পরিচালক করা হয়েছে।
একইসঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিকুল আযমকে ওই ব্যাংকের পরিচালক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
রোববার এক প্রজ্ঞাপণে নিয়োগ ও অব্যাহতির এই আদেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
এর আগে ৩০ ডিসেম্বর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালক পদে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব তপন কুমার কর্মকার এবং কৃষি ব্যাংকের পরিচালক পদে অর্থ বিভাগের অর্থনৈতিক উপদেষ্টা খন্দকার মুরাদ হোসেনকে নিয়োগ দেয়া হয়।
গত ২০ ও ২৬ ডিসেম্বর রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংক এবং তিন বিশেষায়িত ব্যাংকের পরিচালনা পর্ষদে ৩২ জনকে নিয়োগ দেয় সরকার, যাদের অনেকেই ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত।
ওই ৩২ পরিচালকের মধ্যে আওয়ামী লীগের নেতা রয়েছেন অন্তত তিনজন, ছাত্রলীগের সাবেক নেতা রয়েছেন অন্তত দুজন, রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসক সংগঠন স্বাচিপের এক নেতাও।
এছাড়া ব্যবসায়ীদের মধ্য থেকে যারা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন, তাদের প্রায় সবাই সরকার সমর্থক ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিত।
