গাইবান্ধায় সোমবার ১৮ দলের হরতাল
জেলা জামায়াতে ইসলামীর আমিরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার গাইবান্ধায় অর্ধদিবস হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।
জেলা বিএনপির সভাপতি ও ১৮ দলীয় জোটের আহ্বায়ক অনিছুজ্জামান খাঁন বাবু বলেন, শনিবার রাতে জেলা জামায়াতের কার্যালয়ে ১৮ দলীয় জোটের এক জরুরি বৈঠকে এ হরতালের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, জামায়াত কোনো নিষিদ্ধ সংগঠন নয়। এছাড়া দেশের প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার আছে সভা সমাবেশ ও সাংগঠনিক বৈঠক করার। কিন্তু শুক্রবার সন্ধ্যায় জেলার গোবিন্দগঞ্জের চেরাগাড়ী গ্রামে সাংগঠনিক বৈঠক করার সময় বিনা কারণে জামায়াতের জেলা আমিরসহ ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনার প্রতিবাদ ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলের সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডাকা হয়।
