‘অপরিকল্পিতভাবে পোশাক কারখানা গড়ে উঠছে’
ঢাকাসহ সারাদেশে অপরিকল্পিতভাবে পোশাক কারখানা গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
শনিবার নগরীতে বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যথাযথ পরিকল্পনায় পোশাক কারখানা গড়ে তুলতে হোসেন জিল্লুর এই শিল্পের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান।
দেশে তৈরি পোশাক শিল্পের উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরে তিনি অারো বলেন, “এই শিল্প সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এ সম্ভাবনা আমাদের কাছে হেটে আসবে না।”
এ জন্য মেধা, উদ্যোগ ও বিভিন্ন খাতের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন তিনি।
সেমিনারে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা প্রতিরোধে উদ্যোক্তাদের বিনিয়োগ করতে হবে। এ বিনিয়োগে তারা লাভবান হবেন।
এ প্রসঙ্গে তিনি সম্প্রতি তাজরিন ফ্যাশনসে ভয়াবহ আগুনে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা উল্লেখ করে বলেন, এই কারখানার অগ্নি নির্বাপনের সব ব্যবস্থা ছিল। তবে ২ থেকে ৩ লাখ টাকা ব্যয়ে সতর্কতা অবলম্বনের কাজটি করলে এ দুর্ঘটনা ঘটত না এবং কারখানা মালিককে কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হতো না।
তিনি মনে করেন যে, তৈরি পোশাক শিল্পে সরকারকে আরো বেশি ভূমিকা রাখতে হবে। এজন্য সরকারকে চাপ প্রয়োগ করতে হবে।
কাফেক্সপো-২০১৩ উপলক্ষে বিজিএমইএ আয়োজিত ‘অ্যাড্রেসিং কমপ্লায়েন্স চ্যালেঞ্জিং ফর এ নিউ ওয়েনিং গ্লোবাল স্ট্র্যাটেজি ইন আরএমজি সেক্টর’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোবাশ্বের হোসাইন, সাবেক রাষ্ট্রদূত মো. হুমায়ূন কবির, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী প্রমুখ।
