২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নৌবাহিনীর শক্তি বাড়ানো হবে’

সমুদ্র উপকূলে দেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রে নৌবাহিনীর গুরুত্ব তুলে ধরে এই বাহিনীকে আরো শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 06:35 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নৌবাহিনীর এক মহড়া পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের একথা জানান।

যুদ্ধজাহাজ বঙ্গবন্ধুতে থেকে দেড় ঘণ্টার ওই মহড়া দেখেন মন্ত্রী। নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ, বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারও সেখানে ছিলেন।

মহড়ায় জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়, যা বহুদূর থেকে শত্রু জাহাজকে ঘায়েল করতে সক্ষম।

এছাড়া শোল্ডার লঞ্চড সারফেস টু এয়ার মিসাইল, সাবমেরিন বিধ্বংসী রকেট ডেপথ চার্জ এবং জাহাজ থেকে সারফেস ফায়ারিংয়ের টার্গেট হিসেবে নতুন সংযোজিত কিলার টমেটোর মহড়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জাহাজে সাংবাদিকদের বলেন, সমুদ্র উপকূলে আধিপত্য বজায় রাখতে নৌবাহিনীকে আরো শক্তিশালী করার চেষ্টা করছে।

“সামনের সারির নৌযান সংগ্রহে সরকার চেষ্টা অব্যাহত রাখছে,” বলেন তিনি।

নৌবাহিনী প্রধান জানান, দেশে পাঁচটি যুদ্ধ জাহাজ তৈরি করছেন তারা। তার একটি এই মাসেই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।

২০২০ সালের মধ্যে নৌবাহিনী যুদ্ধজাহাজ বিদেশে রপ্তানি করতে পারবে বলেও আশার কথা জানান তিনি।

ভাইস এডমিরাল জহির উদ্দিন বলেন, ১৫টি বড় আকারের যুদ্ধ জাহাজ এবং ২টি হেলিকপ্তার আনার জন্য নৌবাহিনী চুক্তি করেছে।

বৃহস্পতিবার চূড়ান্ত মহড়ার আগে ১৬ এই মহড়া চলে। এতে নৌবাহিনীর ছোটবড় ৫৭টি জাহাজ এবং নৌবাহিনী নতুন সংযোজিত মেরিটাইম হেলিকপ্টার অংশ নেয় বলে বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।