পোশাক কারখানার এমডির বিরুদ্ধে অর্থ আত্মসাত মামলা
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীর একটি পোশাক কারখানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।
মামলায় ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালককে আসামি করা হয়েছে।
বুধবার বিকালে সোনালী ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জ করপোরেট শাখার নির্বাহী কর্মকর্তা নেহালউদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় ফ্যাশন বাংলা লিমিটেডের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এএসআই কবির হোসেন সাংবাদিকদের বলেন, বিসিক দুই নম্বর গলিতে অবস্থিত ফ্যাশন বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম কাইউম ও পরিচালক আইরিন সুলতানা ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত ৬টি পৃথক এলসির মাধ্যমে মালামাল কেনার জন্য ওই ব্যাংক থেকে এক কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ৪৫৫ টাকা ঋণ নেন।
“কিন্তু ২০১২ সালের ২২ ডিসেম্বর প্রতিষ্ঠানটি পরিদর্শন করে কোনো মালামাল পাননি ব্যাংকটির কর্মকর্তারা।”
পুলিশ আরো জানায়, ব্যাংক কর্তৃপক্ষ ফ্যাশন বাংলা লিমিটেডের এমডিকে ঋণ পরিশোধের জন্য বেশ কয়েকবার চিঠি দেয়। কিন্তু অর্থ পরিশোধ না করায় মামলাটি দায়ের করা হয়।
