বিএম কলেজ ছাত্রাবাসে সংঘর্ষে আহত ১০
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্রাবাসের খাবারের মান বিবাদের জেরে দু’দল ছাত্রের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
রোববার রাত ও সোমবার সকালে কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক (মুসলিম) ছাত্রাবাসে দুই দফা এ সংঘর্ষ হয় বলে শিক্ষার্থীরা জানিয়েছে।
সংঘর্ষের সময় ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে ভাংচুর চালিয়েছে উভয় পক্ষ।
আহতদের মধ্যে পাঁচ জন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।
এরা হলেন, অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আজাদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের রানা, বাংলা বিভাগের ৩য় বর্ষের মুন্না, ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের আজমল ও ইতিহাস বিভাগের ৩য় বর্ষের রিয়াজ।
হল সুপার প্রভাষক বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, রোববার রাতে ছাত্রাবাসের ডাইনিংয়ের খাবারের মান নিয়েয়ে ইসলামী ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র জিয়ার সঙ্গে হিসাব বিজ্ঞান ৩য় বর্ষের ছাত্র মাসুদের কথা কাটাকাটি হয়।
এর জেরে ৪র্থ বর্ষের ছাত্ররা রাতেই ৩য় বর্ষের ছাত্রদের ওপর হামলা চালায়। এ সময় ৩য় বর্ষের ছাত্রদের মারধর ও কক্ষে ভাংচুর করে।
এ ঘটনার জের ধরে সোমবার সকালে ৩য় বর্ষের ছাত্ররা ৪র্থ বর্ষের ছাত্রদের ওপর হামলা ও তাদের কক্ষে ভাংচুর করে।
পরে ছাত্র কর্মপরিষদের নেতৃবৃন্দ এসে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে।
আহত আজমল বলেন, “৪র্থ বর্ষের ছাত্ররা ডাইনিং চালায়। ডাইনিংয়ে খাবারের মান খুবই খারাপ। এ নিয়ে তিনি কথা বললে আমাকে পিটিয়ে আহত করে ৪র্থ বর্ষের ছাত্ররা।”
কলেজ অধ্যক্ষ ড. ননী গোপাল দাস জানান, হামলা চালিয়ে কক্ষ ভাঙচুরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলেজ কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
