পদ্মায় দুর্নীতির অভিযোগ ভুয়া: মশিউর
পদ্মাসেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের আনা দুর্নীতির অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান।
সংলাপে পদ্মাসেতু প্রকল্প, সরকারের চার বছরে সফলতা-ব্যর্থতা, পেশাজীবী সংগঠনগুলোর আন্দোলনসহ বিভিন্ন বিষয়েও প্রশ্ন করা হয় প্যানেল আলোচকদের।
এক প্রশ্নের জবাবে মশিউর রহমান বলেন, “বিশ্বব্যাংকের নালিশের প্রকৃত অর্থ কী তা কিন্তু আমাদের জানানো হয়নি। একটা ভুয়া জিনিসকে আমরা অনুসরণ করছি।”
বিশেষ একটি পত্রিকাসহ এ বিষয়ে সোচ্চার থাকা অন্যরাও অভিযোগের অকাট্য প্রমাণ তুলে ধরতে পারেনি বলে দাবি করেন তিনি।
সংলাপে অন্য প্যানেল আলোচকদের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।
আলোচনায় ‘বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা কি আরেকটি ওয়ান ইলেভেনের সৃষ্টি করতে পারে?’- মনোয়ার হোসেন নামে এক দর্শকের এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “হতে পারে। আর এটার জন্য যারা দায়ী তাদেরকে এটার সমাধান দিতে হবে। এটাই হচ্ছে কথা।”
এ পর্যায়ে তিনি ক্ষমতাসীন দলের উদ্দেশ্যে বলেন, “ওনারা বুঝতে পারছেন ওনারা ক্ষমতায় যেতে পারবেন না। ওয়ান ইলেভেন হলে হোক, অসুবিধা কি? অন্তত আর্মির হাতে দিয়ে চলে গেলাম। এটাও তো হতে পারে। বাংলাদেশের অনেকের বিশ্বাস কিন্তু এটাই।”
আমীর খসরুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের সঞ্চালক তাকে মনে করিয়ে দেন, বিএনপি-জামায়াত জোটের সময়েই ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।
এর জবাবে আমীর খসরু বলেন, “আমরা তো ওয়ান ইলেভেনের কোনো সময়ই সাধুবাদ জানাইনি। প্রথম সাধুবাদ জানিয়েছে আওয়ামী লীগ। এরশাদ যখন টেকওভার করে তখনও সাধুবাদ জানিয়েছিল আওয়ামী লীগ। এই দলটি গণতন্ত্রের কথা বলে। কিন্তু যতগুলো সামরিক সরকার আসছে প্রথম সাধুবাদ জানিয়েছে এই দলটি।”
তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টিকে ‘মীমাংসিত বিষয়’ বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে মশিউর রহমান বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি গণতন্ত্রকে অস্বীকার করার একটি প্রক্রিয়া।
“আমাদের সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে জনগণের ম্যান্ডেট নিয়ে শাসন করতে পারবে এবং বিরোধীদলের মতামত নিয়ে। তার পদ্ধতিগত পথ হলো নির্বাচন। সংবিধান সংশোধন করে সেইটাকে স্থাপন করা হয়েছে। সংবিধানকে নস্যাত করে যদি কেউ ক্ষমতা গ্রহণ করে সেটা রাষ্ট্রদোহিতা। যদি সংবিধানের বিরুদ্ধে কেউ যায় তাহলে সে মূলত গণতন্ত্রকে অস্বীকার করবে।
এসব বিষয়ে বিরোধীদলকে সংসদে গিয়ে কথা বলারও আহ্বান জানান তিনি।
প্যানেল আলোচক ফারাহ কবীর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “নির্বাচন নিয়ে প্রধান দুই দল যদি কোনো কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে যেকোনো কিছু হতে পারে।”
তবে এখনো ওয়ান ইলেভেনে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে অভিমত দেন আলী রেজা ইফতেখার।
“কিন্তু নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে কোনো কনফ্লিক্ট ছড়িয়ে পড়লে তার মূল্য শেষ পর্যন্ত আমাদেরকেই (জনগণ) দিতে হবে।”
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিবিসি বাংলার সাংবাদিক আকবর হোসেন।
