২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে জসীমপল্লী মেলা শুরু

পল্লী কবি জসীমউদদীনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ১৫ দিনব্যাপী ‘জসীমপল্লী মেলা’ শনিবার শুরু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 04:29 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

শনিবার বিকালে শহরতলির গোবিন্দপুর গ্রামে জসীমউদ্যানে মেলার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, “কবি জসীমউদদীন তার রচনায় গ্রামবাংলার মানুষের ভালোবাসার কথা বলেছেন। পল্লী কবির রচনাসম্ভার সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। তাহলে তারাও মানুষকে ভালোবাসবে, গ্রামবাংলার উন্নয়নে এগিয়ে আসবে।”

এবারের মেলায় দেড়শতাধিক স্টলে চারু-কারু, হস্ত, কুটিরশিল্প ও কৃষিজাত পণ্য প্রদর্শনী ও বিক্রি হবে। মেলায় সার্কাস, পুতুল নাচ ও নাগরদোলাসহ বিনোদনের ব্যবস্থা থাকছে।

এছাড়া জসীম মঞ্চে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানের আয়োজন করবে।

১৯৯১ সাল থেকে ফরিদপুরে এই মেলার আয়োজন করা হচ্ছে।

১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবি জসীমউদদীনের জন্ম হয়। তার কবিতায় পল্লী-প্রকৃতি ও পল্লীজীবনের সহজ-সুন্দর রূপটি ফুটে উঠেছে। কলেজজীবনে ‘কবর’ কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন।

১৯৭৬ সালের ১৩ মার্চ ঢাকায় তিনি পরলোক গমন করেন।তাকে নিজ গ্রামে সমাহিত করা হয়।