রফিকুল হত্যা: ৮ দিনেও মামলা হয়নি
ঢাকা সিটির ওয়ার্ড বিএনপি নেতা রফিকুল ইসলাম মজুমদার খুনের আটদিন পরও মামলা হয়নি।
গত শনিবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা থেকে অপহৃত হন ঢাকা সিটির ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ও বঙ্গবাজার মহানগর কমপ্লেক্স’র সহ-সভাপতি রফিকুল ইসলাম মজুমদার।
ওই রাতেই কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তার লাশ পাওয়া যায়।
শৈলকুপা থানার ওসি আব্দুল বারি শনিবার সন্ধ্যায় বলেন, এখনো শৈলকুপা থানায় কোনো মামলা রেকর্ড হয়নি। কুষ্টিয়ার কুমারখালী থানায় একটি এবং ঝিনাইদহের শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
মামলা না হওয়ায় তদন্ত শুরু করা যাচ্ছে না। তাই এ হত্যার ঘটনার তদন্তে কোনো অগ্রগতি নেই, বলেন তিনি।
তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল শুক্রবার শৈলকুপা এসে মামলা করবেন। কিন্তু শনিবার সন্ধ্যা পর্যন্ত তারা মামলা দিতে আসেননি।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম মোল্লা বলেন, শনিবার পুলিশ শৈলকুপার আনন্দনগর গ্রামে নিহত রফিকুল ইসলাম মজুমদারের শ্বশুর বাড়ি গেছে। কিন্তু সেখানে কাউকে পায়নি। আশপাশের কয়েকজনের সঙ্গে কথা হয়েছে।
সহকারী পুলিশ সুপার আরো বলেন, রাজনৈতিক দিক দিয়ে এ হত্যাকান্ডটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় পুলিশ উদ্যোগী হয়েও মামলা রেকর্ড করছে না। তারা নিহতের কোনো আতœীয় এসে মামলা করার অপেক্ষায় আছেন।
গত ৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যাব পরিচয়ে কালো পোশাক পরা ৭/৮ জন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে রফিকুল ইসলামের শ্বশুর বাড়ি থেকে তাকে নিয়ে যায়। ওই রাতেই কুষ্টিয়ার কুমারখালীর আদাবাড়ে গ্রামে তার লাশ পাওয়া যায়।
১৯৮২ সালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চন্দ্রিপুর গ্রাম থেকে ঢাকা এসে বসবাস শুরু করেন রফিক।
ঢাকার শনির আখড়ায় তার একটি ছয়তলা ভবন রয়েছে। তার দ্বিতীয় তলায় পরিবার নিয়ে তিনি থাকতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৬ ঘ.
