‘জুলাইয়ের মধ্যে বিকল্প সেতুর নির্মাণ শুরু হবে’
জুলাইয়ের মধ্যে কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী বিকল্প সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে নারায়ণগঞ্জে মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর সংস্কার কাজ পরিদর্শকালে এ কথা জানান তিনি।
যোগাযোগমন্ত্রী বলেন, “সেতু নির্মাণ বিষয়ে ইতোমধ্যে জাপানি দাতা সংস্থা জাইকার সঙ্গে ঋণ চুক্তি বিষয়ে আলোচনা হয়েছে। সেতু নির্মাণের নয় হাজার কোটি টাকার মধ্যে জাইকা দেবে সাত হাজার কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দেবে বাকি দুই হাজার কোটি টাকা।”
“বিষয়টি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। একনেকে সিদ্ধান্ত হলেই আগামী জুলাইয়ে সেতু তিনটির নির্মাণ কাজ শুরু করা হবে,” বলেন তিনি।
সেতু তিনটি চারলেনের আদলে আরো প্রশস্থ হবে বলেও তিনি জানান।
মন্ত্রী বলেন, মেঘনা ও মেঘনা-গোমতী সেতু সংস্কার কাজের জন্য আগামী ১৬ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ দিন বন্ধ রাখার সময় বিকল্প সড়ক ময়নামতি-ব্রাহ্মণবাড়িয়া-নরসিংদী হয়ে যানবাহন চলাচল করবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে সেনাবাহিনী এবং সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
