সবুজবাগে সেতু থেকে পড়ে কিশোরের মৃত্যু
রাজধানীর সবুজবাগে সেতু থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত নয়টার দিকে সাদ্দাম হোসেন (১৫) নামে এই কিশোরের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. ফারহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকালে সাদ্দাম নন্দিপাড়া সেতু থেকে পড়ে যায়। এলাকাবাসী খবর দিলে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের মামা আমীর হোসেন বলেন, সাদ্দাম নন্দিপাড়া বাজারের একটি মুরগি বিক্রেতার দোকানে কাজ করতো।
বিকালে একটি মুরগি হাত ফঁসকে ছুটে যায়। সেটি ধরতে গিয়ে সে সেতু থেকে পড়ে যায়।
সাদ্দামের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুরে।
