শীতে জামালপুর ও নারায়ণগঞ্জে ৩ জনের মৃত্যু
মৌসুমের তৃতীয় শৈত্যপ্রবাহের কারণে জামালপুর ও নারায়ণগঞ্জে শীতজনিত কারণে তিন জনের মৃত্যু হয়েছে।
উত্তরের জেলাগুলোর উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র শৈত্যপ্রবাহের কারণে জামালপুরে ২ জনের মৃত্যু হয়েছে।
বকশিগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাজেদ বলেন, শীতজনিত রোগে বগারচর গ্রামের মিছিরন বেওয়া (৭৫) এবং গোপালপুর গ্রামের খবির উদ্দিনের (৯০) মৃত্যু হয়েছে।
জামালপুর জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. তাজুল ইসলাম জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যাও বাড়ছে।
বৃহস্পতিবার জামালপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া ঠাণ্ডায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় নারায়ণগঞ্জে এক শিশুর মৃত্যু হয়েছে।
মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে বৃহস্পতিবার বিকালে মারা যায় ছয় মাসের শিশু সাইদুল ইসলাম সোয়াদ।
সোয়াদ নগরীর ১নং বাবুরাইল এলাকার বশির আহম্মেদের ছেলে।
সোয়াদের মা সুমি বেগম বলেন, দুই দিন আগে ঠাণ্ডা লাগার পর বৃহস্পতিবার দুপুরে তাকে হাসপাতারে নিয়ে আসি।
