পররাষ্ট্র সচিবের দায়িত্বে শহিদুল হক
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুল হককে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ জারির পর ভারপ্রাপ্ত সচিব মোস্তফা কামালের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন শহিদুল।
পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর গত ২ জানুয়ারি ওই দায়িত্ব নিয়েছিলেন অতিরিক্ত সচিব মোস্তফা কামাল।
দীর্ঘ ১১ বছর বিশেষ ছুটিতে (লিয়েনে) থাকা শহিদুল হককে গত অগাস্টে মহাপরিচালক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরিয়ে আনা হয়। পরে তাকে অতিরিক্ত সচিব করা হয়।
১৯৮৪ সালের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা ২০০১ সাল থেকে বিশেষ ছুটিতে ছিলেন। এই সময়টায় তিনি আন্তর্জাতিক অভিবাসী সংস্থায় (আইওএম) কাজ করেন।
সর্বশেষ জেনেভায় আন্তর্জাতিক অভিবাসী সংস্থার ‘আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব’ শাখার পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি নেয়া শহিদুল হক ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতোকোত্তর করেন।
